Home লীড নিউজ বিজ্ঞানীদের সুযোগ-সুবিধা বাড়াতে পরামর্শ চেয়েছেন প্রধানমন্ত্রী

বিজ্ঞানীদের সুযোগ-সুবিধা বাড়াতে পরামর্শ চেয়েছেন প্রধানমন্ত্রী

Share

কৃষি বিজ্ঞানীদের যত ধরনের সহযোগিতা লাগবে সরকার তা করবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি তিনি গবেষকদের সুযোগ-সুবিধা বাড়াতে পরামর্শ চেয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, ‘বিজ্ঞানীদের জন্য কিছু করা দরকার। এটা কীভাবে করা যায় তার জন্য আপনাদের পরামর্শ চাই। আমি সবকিছু করতে চাই। খাদ্য উৎপাদন যে বাড়ছে এটা গবেষণার ফসল। গবেষণা ছাড়া কোনও উপায় নাই।’

বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) গণভবন থেকে ভিডিও কনফারেন্সে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল প্রকাশিত ‘১০০ কৃষি প্রযুক্তি এটলাস’ এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

সরকারপ্রধান বলেন, ‘গবেষণার সঙ্গে যারা জড়িত, এটা দীর্ঘ সময় ধরে করতে হয়। সরকারি চাকরির মেয়াদ শেষ হয়ে গেলেও গবেষণা শেষ হয়ে যায় না। তবে গবেষণাটা কীভাবে চালিয়ে যেতে পারেন সেটা ভাবতে হবে। আমি বিভিন্ন সময়ে এ বিষয়ে কথা বলেছি, কিন্তু কোনও সুরাহা হয়নি। কারণ গবেষণার সঙ্গে সংশ্লিষ্ট সংস্থার পিয়ন-আর্দালিসহ সবাইকে তো আর সেই সুযোগ দেওয়া সম্ভব না। বিশ্ববিদ্যালয়গুলোতে চাকরির বয়সসীমা বাড়িয়েছি। আমাদের ইনস্টিটিউটগুলোতে আমরা প্রণোদনা কীভাবে দিতে পারি সেই পরামর্শ চাই। আমি চাচ্ছি আমাদের যারা গবেষক, কৃষি গবেষক তাদের আরও সুযোগ দিতে। যারা গবেষণা করবেন তারা যেন সম্পূর্ণ মনোযোগ দিয়ে তা করতে পারেন সেজন্য সরকার পাশে থাকবে।’

কৃষি অর্থনীতি নির্ভর দেশ হওয়ায় সরকার কৃষিকে গুরুত্ব দিচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘খাদ্য নিরাপত্তার জন্যও কৃষি গুরুত্বপূর্ণ। আমাদের দেশ কৃষিপ্রধান দেশ। কৃষি উৎপাদন বাড়াতে নতুন নতুন প্রযুক্তি ও জাত আবিষ্কারের বিকল্প নেই। এজন্য গবেষণা অধিকতর গুরুত্বপূর্ণ।’

প্রধানমন্ত্রী বলেন, নতুন নতুন কৃষিপণ্য উৎপাদন, প্রক্রিয়াকরণ ও বাজারজাত করে নিজেদের বাজার ধরে রাখতে হবে। দেশের চাহিদা পূরণ করে বাইরেও রফতানি করতে হবে। এজন্য স্বল্পখরচে বেশি ফলদায়ক পণ্য আবিষ্কার ও চাষাবাদে মনোযোগী হতে হবে। এজন্য গবেষণাটা বেশি গুরুত্বপূর্ণ। বাংলাদেশে কৃষি গবেষকদের সাফল্য এবং গবেষণা আরও বাড়ানোর তাগিদ দেন তিনি।

কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অন্যান্যের বক্তব্য রাখেন কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মতিয়া চৌধুরী, মৎস ও প্রাণী সম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম, সফল কৃষক রফিকুল ইসলাম। এতে স্বাগত বক্তব্য রাখেন কৃষি সচিব মেসবাউল ইসলাম।

Related Articles

পিআর পদ্ধতির নির্বাচনের পক্ষে অনড় জামায়াত

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় গতকাল সোমবার জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের...

ঢাবিতে জিন্নাহ ও আল্লামা ইকবালের নামে হল চান ডাকসুর ভিপি প্রার্থী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ডাকসু নির্বাচনের ভিপি প্রার্থী ও বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক...

তীব্র গরম বার্ধক্যের গতি বাড়িয়ে দিতে পারে: গবেষণা

গরম বা হিটওয়েভ শুধু অস্বস্তিই সৃষ্টি করছে না, এটি নীরবে মানুষের বার্ধক্য...

গানই আমার মূল জায়গা, ভালো লাগা থেকে অভিনয় করেছি: তাহসান

তাহসান খান। গায়ক, অভিনেতা ও উপস্থাপক। বন্ধুদের নিয়ে ‘অলটারনেটিভ রক ব্যান্ড’ দিয়ে...