Home খেলাধুলা তামিমের নেতৃত্বের ভূয়সী প্রশংসায় কোচ

তামিমের নেতৃত্বের ভূয়সী প্রশংসায় কোচ

Share

মাশরাফি বিন মুর্তজা সরে দাঁড়ালে বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক করা হয় তামিম ইকবালকে। দায়িত্ব পাওয়ার পর করোনার কারণে অধিনায়কত্ব উপভোগ করার সুযোগ খুব একটা পাননি তিনি।

অধিনায়ক হিসেবে এখনও পর্যন্ত মাত্র ৩টি ম্যাচ খেলেছেন তামিম। আর সেখানে পেয়েছেন ঈর্ষণীয় সাফল্য। তামিমের নেতৃত্বে ৩-০ ব্যবধানে অসাধারণ এক সিরিজ জিতেছে বাংলাদেশ। তবে অনেকেই এই সাফল্যে তামিমকে অতটা কৃতিত্ব দিতে রাজি নন। সেই সিরিজে ওয়েস্ট ইন্ডিজ দলে ছিলেন না হোল্ডার, শাই হোপ, হেটমেয়ারদের মতো প্রথমসারির ১০ ক্রিকেটার।

তাই আসন্ন নিউজিল্যান্ড মিশনে তামিমের নেতৃত্বে বাংলাদেশ দল কেমন পারফরম্যান্স দেখায় তার অপেক্ষায় দেশের ক্রিকেটপ্রেমীরা।

সিরিজটিকে কঠিন চ্যালেঞ্জ মানছেন তামিমও। তবে তামিম ইকবালকে নিয়ে দারুণ আশাবাদী দলের স্পিন কোচ ড্যানিয়েল ভেট্টোরি।

তামিমের প্রশংসা করেন ভেট্টোরি বলেন, বাংলাদেশের সৌভাগ্য যে এই সফরে দলের অধিনায়ক তামিম ইকবাল। এভাবেই তামিমের ভূয়সী প্রশংসা করলেন এই সাবেক কিউই তারকা।

কুইন্সটাউনের ক্যাম্পে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিয়ে বৃহস্পতিবার বিসিবির পাঠানো এক ভিডিওবার্তায় ভেট্টোরি বলেন, ‘আমার মনে হয় বাংলাদেশ ভাগ্যবান, কারণ তারা এই সফরে এসেছে তামিমের অধিনায়কত্বে। তামিম খুবই খোলামেলা মানসিকতার। সে এর আগে নিউজিল্যান্ড সফর করে চ্যালেঞ্জগুলো নিয়েছে। সে বোঝে আগে কী ভুল করেছে বা করা হয়নি। এবার কোন ব্যাপারগুলোকে নিয়ে বেশি ভাবতে হবে তা তার জানা। সেই ব্যাপারে সে খুবই ইতিবাচক।’

ভেট্টোরি আরও বলেন, ‘আমার মনে হয় বাংলাদেশের জন্য খুব ভালো একটি শুরু করার জায়গা এই নিউজিল্যান্ড।বাংলাদেশ এই সিরিজে নতুন কিছু চেষ্টা করবে। আমরা জানি নিউজিল্যান্ড দারুণ একটি দল যারা সম্প্রতি দুর্দান্ত ফর্মে আছে। আশা করছি বাংলাদেশ পূর্বের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েছে।’

উল্লেখ্য, অধিনায়ক হিসেবে এটাই তামিমের প্রথম বিদেশ সফর। তবে জাতীয় দলের হয়ে নিউজিল্যান্ডের মাটিতে সবচেয়ে বেশি খেলা ক্রিকেটারও তামিম। এ নিয়ে ষষ্ঠবার নিউজিল্যান্ড সফরে গেলেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক।

তিন সংস্করণ মিলিয়ে সেখানে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন তিনিই। এছাড়া নিউজিল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে খেলার অভিজ্ঞতাও আছে এ ড্যাশিং ওপেনারের।

তামিমের সেই অভিজ্ঞতাকে কাজে লাগাতে চাইছেন কিউই কিংবদন্তি ভেট্টরি। তাই এই সফরে অধিনায়ক হিসেবে তামিমকে পাওয়া টাইগারদের জন্য সৌভাগ্য বলছেন ভেট্টোরি।

Related Articles

পিআর পদ্ধতির নির্বাচনের পক্ষে অনড় জামায়াত

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় গতকাল সোমবার জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের...

ঢাবিতে জিন্নাহ ও আল্লামা ইকবালের নামে হল চান ডাকসুর ভিপি প্রার্থী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ডাকসু নির্বাচনের ভিপি প্রার্থী ও বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক...

তীব্র গরম বার্ধক্যের গতি বাড়িয়ে দিতে পারে: গবেষণা

গরম বা হিটওয়েভ শুধু অস্বস্তিই সৃষ্টি করছে না, এটি নীরবে মানুষের বার্ধক্য...

গানই আমার মূল জায়গা, ভালো লাগা থেকে অভিনয় করেছি: তাহসান

তাহসান খান। গায়ক, অভিনেতা ও উপস্থাপক। বন্ধুদের নিয়ে ‘অলটারনেটিভ রক ব্যান্ড’ দিয়ে...